কৈশোর সুরক্ষায় কঠোর পদক্ষেপ: ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের আইন পাস

কৈশোর সুরক্ষায় কঠোর পদক্ষেপ: ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের আইন পাস

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষ এবং সাইবার বুলিং বা অনলাইন আসক্তি থেকে রক্ষা করতে এক যুগান্তকারী ও কঠোর আইন পাস করেছে ফরাসি সংসদ। নতুন এই আইন অনুযায়ী, ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকেই এই আইন বাস্তবায়ন শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত এই আইন কার্যকর করতে ফরাসি সরকার প্রযুক্তি জায়ান্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর কঠিন শর্ত আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে ফ্রান্সে কার্যক্রম পরিচালনাকারী প্রতিটি প্ল্যাটফর্মকে তাদের ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য বাধ্যতামূলকভাবে একটি নির্ভরযোগ্য পদ্ধতি বা প্রযুক্তি চালু করতে হবে। কোনো প্ল্যাটফর্ম এই নির্দেশিকা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপজুড়ে কিশোরদের মধ্যে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এবং সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে অভিভাবক ও গবেষকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার সতর্ক করে আসছিলেন যে, টিকটক, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম কমবয়সী ব্যবহারকারীদের মধ্যে ঘুমের ব্যাঘাত, বিষণ্ণতা এবং মনোযোগের ঘাটতি তৈরি করছে। ফরাসি নীতিনির্ধারকরা মনে করছেন, এই আইন বাস্তবায়িত হলে তরুণ প্রজন্মের ওপর ডিজিটাল দুনিয়ার নেতিবাচক চাপ অনেকাংশেই হ্রাস পাবে।

তবে এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। ডিজিটাল অধিকারকর্মীদের একাMংশ প্রশ্ন তুলেছেন যে, প্ল্যাটফর্মগুলো কীভাবে ব্যবহারকারীদের সঠিক বয়স যাচাই করবে এবং এর ফলে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত ডেটার গোপনীয়তা বিঘ্নিত হবে কি না। তা সত্ত্বেও, ফরাসি সরকার এবং শিশু অধিকার সুরক্ষা সংগঠনগুলো এই ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে এটি বিশ্বজুড়ে অন্যান্য দেশের জন্যও একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply