নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে গাজীপুরের আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে গাজীপুরের আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর জেলার কালীগঞ্জে অবস্থিত আইশ্বিন ফুডস কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইন ভঙ্গের অভিযোগে এই শাস্তি প্রদান করা হয় বলে সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত সোমবার কারখানায় চালানো এই অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তদন্তকারী দল কারখানাটিতে নানা অনিয়ম খুঁজে পায়। উৎপাদিত পণ্যের প্যাকেটের গায়ে ভুল তথ্য দেওয়া, উপকরণের অসম্পূর্ণ বিবরণ এবং সংযোজন দ্রব্যের লেবেলিং ও সংরক্ষণে ত্রুটি পাওয়া যায়। এছাড়া ব্রেডের মেয়াদ ৩০ দিন নির্ধারণ করা হলেও সেলফ লাইফ স্টাডিসহ কোনো ল্যাব পরীক্ষার সনদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। খাদ্যপণ্য খোলা রাখা, কারখানায় মাছির উপদ্রব এবং সংযোজন দ্রব্যের ম্যাটেরিয়াল ডেটা সেফটি শিট ও অ্যানালাইসিসের সার্টিফিকেট অনুপস্থিত ছিল। নির্দিষ্ট পরিমাণের ব্যবহার প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ক্রয় রশিদ ও চালান সংরক্ষণেও অবহেলা দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, এই কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে এবং নিরাপদ খাদ্য আইনের স্পষ্ট লঙ্ঘন। ঘটনাস্থলেই জরিমানা আদায়ের পাশাপাশি ল্যাব টেস্টের জন্য খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়।

Leave a Reply