মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ: আউটসোর্সিং কর্মী আটক ও মামলা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে এমআরটি লাইন-৫ নর্দান রুট প্রকল্পে কর্মরত এক আউটসোর্সিং কর্মীকে মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে ছবি ও ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার ডিএমটিসিএলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা জোরদার করতে তারা অত্যন্ত কঠোর অবস্থান বজায় রেখেছে। কেপিআইভুক্ত এই ডিপোর ভেতরের গোপনীয়তা নষ্ট করা এবং ভিডিও প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির দায়ে তার বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
