ভ্রম কাটিয়ে আলোর সন্ধান কিংবা বিভার প্রাপ্তি কার না কাম্য? কিন্তু সেই বিভা কি সর্বদাই কল্যাণকর? কিংবা বিভ্রমের পথ কি কেবলই হতাশার জন্ম দেয়, নাকি কুয়াশার চাদরের আড়ালেও মৃদু আলো লুকিয়ে থাকে? গভীর হতাশাগ্রস্ত চরিত্র আলতামাশের জীবনকথা পাঠকদের মনে এমনই নানা অভূতপূর্ব প্রশ্নের জন্ম দেয়। গত ১৩ জুলাই প্রথম আলোর ভৈরব কার্যালয়ে আয়োজিত ভৈরব বন্ধুসভার ২০৫তম পাঠচক্রের মূল আলোচনার বিষয়বস্তু ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন রচিত বহুল আলোচিত উপন্যাস ‘বিভা ও বিভ্রম’।
কিছু উপন্যাসের পাতা উল্টানো শেষ হলেও তার চিন্তার গভীরতা দীর্ঘস্থায়ী হয়। এই উপন্যাসটি তেমনই একটি অনন্য সৃষ্টি, যা বারবার পাঠকের সামনে প্রশ্ন তোলে—বাস্তবতা মূলত কী? আমাদের চোখের দেখাই কি একমাত্র সত্য, নাকি আমাদের অনুভূতি, স্মৃতি আর বিশ্বাসই এক একটি মায়াজাল বা বিভ্রমের জাল বিস্তার করে? মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই সাহিত্যকর্মটি মানুষের ভেতরের ভয়, নিঃসঙ্গতা, অনিশ্চয়তা এবং অবচেতন মনের নানা দ্বন্দ্বকে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এখানে ‘বিভা’কে সত্য, আলো ও আত্মোপলব্ধির রূপক হিসেবে এবং ‘বিভ্রম’কে মনের অগোচরে সত্যকে ঢেকে রাখা এক ধরনের আবরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এই বইটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি সব প্রশ্নের সরাসরি উত্তর দেয় না, বরং সঠিক প্রশ্নগুলো আবিষ্কার করতে শেখায়। লেখকের সাবলীল অথচ অন্তর্দৃষ্টিসম্পন্ন ভাষা শৈলী বইটিকে পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী আসন করে দেয়। আলোচনার টেবিলে উপন্যাসের এসব নান্দনিক দিক ও মনস্তাত্ত্বিক রূপকগুলো অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেন কার্যনির্বাহী সদস্য প্রিয়াঙ্কা এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা।
এই মননশীল আড্ডায় উপস্থিত থেকে সমগ্র আলোচনাকে প্রাণবন্ত করে তোলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ভৈরব বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত মতামত তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা জনি আলম, সভাপতি জান্নাতুল মিশু, সহসভাপতি আফিসা আলী এবং সাধারণ সম্পাদক জিসানউল্লাহ আনাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক নূরাইন রামিম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হেপী বেগম, বইমেলা সম্পাদক মাহমুদুল হাসান এবং সংগঠনের শুভানুধ্যায়ী অনুপম, তুহিন ও ইমরান। সামগ্রিক এই আয়োজনটি তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি মননশীল আলোচনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
