ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া: বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর খুঁজছে ‘বঙ্গ’

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া: বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর খুঁজছে ‘বঙ্গ’

দীর্ঘ সাত দশকের বর্ণাঢ্য ইতিহাস সমৃদ্ধ বিশ্বখ্যাত ‘ইউরোভিশন সং কনটেস্ট’ প্রথমবারের মতো এশীয় অঞ্চলে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আর এই ঐতিহাসিক আন্তর্জাতিক সংগীত আসরে প্রতিযোগি দেশ হিসেবে নিজেদের নাম লিখিয়েছে বাংলাদেশ। বিশ্বের দরবারে লাল-সবুজ পতাকাবাহী সেই প্রতিভাবান সংগীতশিল্পীকে খুঁজে বের করতে উদ্যোগী হয়েছে দেশের জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। তারা আয়োজন করেছে ‘ভয়েস অব বাংলাদেশ-সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’ শীর্ষক এক বিশেষ প্রতিযোগিতা।

বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার রূপরেখা তুলে ধরেন আয়োজক সংশ্লিষ্টরা। সেখানে জানানো হয়, আগামী ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত পর্ব বা ‘ন্যাশনাল ফাইনাল’ অনুষ্ঠিত হবে। ওই আসরে বিজয়ী শিল্পীই প্রথমবারের মতো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন।

উল্লেখ্য যে, ১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) নিরবচ্ছিন্নভাবে ইউরোভিশন আয়োজন করে আসছে, যা মৌলিক সুর ও গানের টানে সারা বিশ্বকে এক সুতোয় গেঁথে রেখেছে। এবারের আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, যা বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতাকে কোটি কোটি আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

পুরো প্রতিযোগিতাটি ‘বঙ্গ’ প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে এবং এর অফিশিয়াল টেলিভিশন পার্টনার হিসেবে থাকছে এনটিভি। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন নন্দিত সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বিচারক প্যানেল। এই প্যানেলে রয়েছেন দেশের খ্যাতনামা সংগীত ব্যক্তিত্ব ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।

বঙ্গ-এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘ইউরোভিশন দীর্ঘ ৭০ বছর ধরে বিশ্ব সংস্কৃতির মিলনমেলা ঘটিয়ে আসছে। এশিয়ার এই আসর আমাদের নতুন প্রজন্মের মেধাবীদের বিশ্বমঞ্চে প্রতিষ্ঠার এক দারুণ সুযোগ এনে দিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে বাংলা সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার এই নতুন অধ্যায় রচনায় সব প্রান্তের শিল্পীদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন।’ এই আঞ্চলিক আসরে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওসের শিল্পীরাও অংশগ্রহণ করবেন। যেকোনো সংগীতধারার একক শিল্পী, ডুয়েট বা ব্যান্ড দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

Leave a Reply